×
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক

২০২৬ অক্টোবর ০৬ ১০:৪৪:৫৬
ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশের নয়ডার একটি শপিংমলে ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে এক নারীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের তর্কের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তাকর্মীদের দাবি, ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি ঘিয়ের বোতল ও রান্নার তেলের বোতল পাওয়া যায় বলে শপিংমল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাটি গত রোববার (৪ অক্টোবর) নয়ডার লা মার্শ মলে ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নিরাপত্তাকর্মী ওই নারীকে শপিংমলের ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। এ সময় তাকে হাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায়।

শপিংমল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই নারীর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় নিরাপত্তাকর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এরপর মলের গেট দিয়ে বের হওয়ার সময় তাকে থামিয়ে ব্যাগ দেখাতে বলা হয়। কিন্তু এতে ওই নারী আপত্তি জানান এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আরও কয়েকজন নিরাপত্তাকর্মী সেখানে উপস্থিত হন। পরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কর্তৃপক্ষের দাবি, ওই নারী একটি এক কেজির ঘিয়ের বোতল এবং এক লিটার রান্নার তেলের বোতল ব্যাগে রেখেছিলেন।

এরপর একজন নারী নিরাপত্তাকর্মী তাকে শপিংমলের ভেতরে নিয়ে যান। সেখানে অন্য ক্রেতাদের উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ঘি ও রান্নার তেলের বোতল বের করা হয় বলে ভিডিওতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী এক মাসেরও বেশি সময় ধরে শপিংমলটিতে আসছিলেন। কর্তৃপক্ষের সন্দেহ ছিল, এর আগেও তিনি কয়েকবার পণ্য নিয়ে বের হয়ে গেছেন।

একজন শপিংমল কর্মচারীর দাবি, সিসিটিভি ফুটেজ যাচাই করতে গিয়ে ওই নারীর কথিত পণ্য নেওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। কর্মীদের আরও দাবি, এর আগে ওই নারী কয়েক হাজার রুপির ঘি ও অন্যান্য মুদি পণ্য নিয়ে গেছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের কেউ হয়েও কেন ওই নারী ঘি বা রান্নার তেলের মতো পণ্য নেবেন।

আবার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী ধারণা করেছেন, ওই নারী হয়তো ক্লেপ্টোম্যানিয়ার মতো কোনো সমস্যায় ভুগতে পারেন। তবে এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুমান। ওই নারীর আচরণের পেছনে প্রকৃত কারণ কী ছিল বা তিনি কোনো মানসিক সমস্যায় আক্রান্ত কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার দিন সন্ধ্যায় ওই নারী তার স্বামীর সঙ্গে শপিংমলে গিয়েছিলেন বলে জানা গেছে। কিছুক্ষণ কেনাকাটার পর তার স্বামী কাউন্টারে থাকাকালে তিনি একাই মলের বাইরে যাওয়ার দিকে এগিয়ে যান। গেটের কাছে পৌঁছালে নিরাপত্তাকর্মী তার ব্যাগ পরীক্ষা করতে চাইলে তিনি তাতে আপত্তি করেন।

পরে সিসিটিভি ফুটেজ এবং ব্যাগ তল্লাশির মাধ্যমে বিষয়টি নিয়ে নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। শেষ পর্যন্ত ওই নারী ব্যাগে পাওয়া পণ্য দুটির মূল্য পরিশোধ করেন বলে জানা গেছে। এরপর ঘটনাটি আর এগোয়নি এবং শপিংমলেই বিষয়টির মীমাংসা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়লেও ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে তিনি কী কারণে পণ্যগুলো ব্যাগে রেখেছিলেন, সে বিষয়টিও নিশ্চিতভাবে জানা যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে