×
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন

২০২৬ অক্টোবর ০৫ ০৯:৫৩:১৮
শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস পিএলসির মালিকানা পরিবর্তন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। কোম্পানিটির বিদায়ী উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার নতুন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বিদায়ী পরিচালকদের পদত্যাগ ও অবসর গ্রহণ কার্যকর করে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের ৪ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় শেয়ার হস্তান্তর সম্পন্ন হওয়ার বিষয়টি নথিভুক্ত ও অনুমোদন করা হয়।

কোম্পানি জানিয়েছে, বিদায়ী উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানাধীন মোট ৩০ কোটি ৭৮ লাখ সাধারণ শেয়ার নয়, বরং ৩০ দশমিক ৭৮ মিলিয়ন বা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে নতুন মালিকদের অনুকূলে হস্তান্তর সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপবিধির ১১.৬ ধারা অনুযায়ী ‘ম্যাচড ট্রানজেকশন’ হিসেবে এই হস্তান্তর সম্পন্ন হয়।

শেয়ারগুলো আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসাইনের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। এ শেয়ার হস্তান্তরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৭ আগস্ট ২০২৬ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ১ অক্টোবর ২০২৬ আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোম্পানির বিদায়ী পরিচালকদের পদত্যাগ ও অবসর গ্রহণ গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। এর ফলে প্রকৌশলী মুহাম্মদ শামসুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সুজিত সাহা, আবুল কালাম ভূঁইয়া এবং রাকিবুল ইসলামের পরিচালক পদ থেকে পদত্যাগ ও অবসর গ্রহণ ৪ অক্টোবর ২০২৬ দিনের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

এর পরপরই কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদ গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

নতুন পর্ষদে শেখ জসিম উদ্দিনকে চেয়ারম্যান এবং ফারিয়া হোসাইনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আকিজ রিসোর্সেস লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম বিল্লাহ, মো. শেখ সাদী এবং শোভ্রতা কুমার রায়।

অর্থাৎ শেয়ার হস্তান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের পাশাপাশি ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের পরিচালনা পর্ষদেও তাৎক্ষণিক পরিবর্তন আনা হয়েছে। নতুন পর্ষদ এখন কোম্পানিটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে