×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মাউশির

ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম

২০২৬ অক্টোবর ০৪ ১৬:১২:১৬
ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অনুমোদনহীন সব ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের সাত দিনের সময় বেঁধে দিয়েছে মাউশি। নির্ধারিত সময়ের মধ্যে এসব পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ বা গ্রুপের কোনোটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয়।

মাউশি জানিয়েছে, অধিদপ্তরের একমাত্র অনুমোদিত ফেসবুক পেজ হলো ‘Directorate of Secondary and Higher Education DSHE’। এর বাইরে মাউশির নাম বা পরিচয় ব্যবহার করে পরিচালিত কোনো ফেসবুক পেজ বা গ্রুপকে অনুমোদিত হিসেবে গণ্য করা হবে না।

অধিদপ্তরের অভিযোগ, এসব অননুমোদিত পেজ ও গ্রুপের কোনো কোনোটিতে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অনুমোদনহীন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিছু পেজ ও গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্য প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি রাষ্ট্র ও সরকার সম্পর্কেও বিভিন্ন অনভিপ্রেত বক্তব্য ও মন্তব্য প্রকাশ করা হচ্ছে বলে উল্লেখ করেছে মাউশি।

অধিদপ্তরের মতে, এ ধরনের কার্যক্রমের ফলে শুধু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিই তৈরি হচ্ছে না, মাউশির দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাউশি নির্দেশ দিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে পূর্বানুমোদন ছাড়া মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ করতে হবে।

নির্ধারিত সময়ের পরও কেউ মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে অননুমোদিতভাবে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা করলে এবং আইনবিরোধী বা আপত্তিকর কার্যক্রম চালিয়ে গেলে অতিরিক্ত সতর্কতা ছাড়াই তার বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এ নির্দেশনাকে ‘সর্বশেষ সতর্কতা’ হিসেবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে