×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল

২০২৬ অক্টোবর ০৩ ১৯:৩০:০০
কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোতে সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে সাম্প্রতিক সময়ে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সময়ে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির ৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির নেতৃত্বে ছিলেন আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্যসচিব মোস্তফা জামান। কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি তাদের মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের ১৪ নেতার বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্তের সময় মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে ঘিরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা চলছিল। তবে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিগুলোতে ওই ঘটনার কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

এ ঘটনার প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। দলীয় নেতৃত্বের নির্দেশের পর তিনি ১ অক্টোবর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

দলীয় পর্যায়ে একের পর এক কমিটি বিলুপ্তি ও নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ফলে বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্ব কাঠামো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব সিদ্ধান্তের পর মন্ত্রিসভা বা প্রশাসনের উচ্চপর্যায়ে আরও কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে