×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে

২০২৬ অক্টোবর ০৪ ০৯:১২:৪৫
এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত ও ভারতের মিজোরাম-ত্রিপুরা অঞ্চলে অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র প্রায় সোয়া এক ঘণ্টার মধ্যে এসব ভূমিকম্প অনুভূত হয়। এর কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। শেষ ভূমিকম্পটির মৃদু কম্পন রাজধানী ঢাকাসহ দেশের আরও কিছু এলাকাতেও টের পাওয়া যায়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

দ্বিতীয় ভূমিকম্পটির কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ আশপাশের এলাকায় অনেকেই ভূমিকম্পের ঝাঁকুনি টের পান। রাতের বেলায় হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় বিভিন্ন স্থানে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এই কম্পনও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মৃদুভাবে অনুভূত হয়েছে। ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় মানুষ ভূমিকম্পের বিষয়টি টের পাওয়ার কথা জানিয়েছেন।

একই রাতে মাত্র কয়েক মিনিট ও ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দাদের মধ্যে পরপর কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ তৈরি হয়।

প্রতিবেদন অনুযায়ী, এসব ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে