×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির 

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৮:৩২:১৩
স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মন্ত্রীর ‘মামলা করা হয়নি’ এবং ঘটনাটিকে ‘টুকটাক ভাঙচুর’ হিসেবে উল্লেখ করার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে অভিযোগ করলেও কোনো মামলা করেননি। মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। তার ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট অভিযোগে মামলা হলে সেটি তদন্ত করে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সালমান মুক্তাদির পাল্টা ভিডিও বার্তা দেন। তিনি দাবি করেন, হামলার পর রাতেই তিনি ক্যান্টনমেন্ট থানায় গিয়ে মামলা করতে চেয়েছিলেন এবং পরদিন ভোর পর্যন্ত সেখানে ছিলেন। তার অভিযোগ, তখনও মামলা নেওয়া হয়নি। এ কারণে ‘মামলা করা হয়নি’—এমন প্রশ্ন তার কাছে না থেকে বরং কেন মামলা নেওয়া হয়নি, সেই প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সালমান বলেন, ঘটনার তদন্তের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়াই তার প্রত্যাশা। তার ভাষায়, ঘটনাটির সঙ্গে কারা জড়িত বা এর পেছনে জমি-সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি কিংবা অন্য কোনো কারণ ছিল কি না—এসব তদন্তের বিষয়; তবে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সালমানের ‘ব্রাউনফিশ’ স্টুডিও ছাড়াও আবাসন প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, জমি নিয়ে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বিরোধের সঙ্গে হামলার ঘটনার যোগসূত্র থাকতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হামলার পর সালমান মুক্তাদির ঘটনাটিকে শুধু ভাঙচুর হিসেবে না দেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় হিসেবে দেখার আহ্বান জানান। তিনি দাবি করেন, তার স্টুডিওর সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সার্ভারও নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী ও সালমানের বক্তব্যে পার্থক্য দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সালমানের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে করা অভিযোগকে ‘ঢালাও’ বলে উল্লেখ করেছেন এবং নির্দিষ্ট মামলা হলে তদন্তের কথা জানিয়েছেন। অন্যদিকে সালমান দাবি করেছেন, হামলায় আটক ব্যক্তিদের বক্তব্যে বিএনপির নাম এসেছে। এসব দাবি এখনো তদন্তের মাধ্যমে স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

সালমান আরও বলেন, তিনি ঘটনাটিকে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চান না। তার মূল প্রশ্ন নিরাপত্তা নিয়ে। ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও আবার কাজ শুরু করা সম্ভব—তবে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

এদিকে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে জমি-সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি বা অন্য কোনো কারণ ছিল কি না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে