×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১১:৩৫:০০
আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বকেয়া বীমা দাবি পরিশোধ না হওয়া এবং গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া আস্থার সংকট কাটাতে ধারাবাহিকভাবে দাবি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই অংশ হিসেবে আরও পাঁচটি জীবন বীমা কোম্পানির গ্রাহকদের প্রায় ২১ কোটি টাকার বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর এসব দাবি পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৮২ লাখ টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করবে। এছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৮২ লাখ টাকার দাবি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সানফ্লাওয়ার লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্সের কত টাকা দাবি পরিশোধ করা হবে, তা নির্ধারণে রোববার আইডিআরএর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে আইডিআরএর উদ্যোগে দুই দফায় আট হাজার ৪১৭ জন গ্রাহককে মোট ৩৭ কোটি ৫৪ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারী ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পেয়েছেন।

প্রথম দফায় বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫২৮ জনকে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা এবং গোল্ডেন লাইফের ৪ জনকে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা পরিশোধ করা হয়। একই দফায় হোমল্যান্ড লাইফের ১৫ জন গ্রাহক ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, পদ্মা ইসলামী লাইফের ৬২৪ জন ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফের ১ হাজার ৩৫০ জন ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা এবং সানফ্লাওয়ার লাইফের ২০ জন গ্রাহক ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা পেয়েছেন।

দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফের ৩ হাজার ৬০০ গ্রাহককে ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফের ১ হাজার ১৪৫ জনকে ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা এবং ফারইস্ট ইসলামী লাইফের ৫৮০ জনকে ৫ কোটি টাকা পরিশোধ করা হয়। একই সময়ে সানফ্লাওয়ার লাইফের ৩০০ গ্রাহক ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ গ্রাহক ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা বীমা দাবি পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহীদ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা নিয়ে পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন। তাঁর মতে, গ্রাহকদের ৭ হাজার কোটি টাকার বেশি বীমা দাবি রয়েছে, যা শুধু সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে পরিশোধ করা সম্ভব নয়। এ কারণে আইডিআরএর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যক্তি গ্রাহকদের দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে, সেটিও পরিষ্কার করা দরকার।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনের জন্য দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়ানো প্রয়োজন। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

ধারাবাহিকভাবে বকেয়া দাবি পরিশোধের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি বীমা খাতে আস্থা পুনর্গঠনের চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা। তবে বিপুল পরিমাণ বকেয়া দাবি নিষ্পত্তিতে এই উদ্যোগ কতটা দীর্ঘমেয়াদি ও কার্যকরভাবে চালানো যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে