×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:৫৩:০৩
বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার কিছু আগে ঢাকায় পৌঁছায়। এর আগে নিউইয়র্ক সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। এরপর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। সফরকালে তিনি সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় বক্তব্য দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, চার দিনের কর্মসূচিতে জাতিসংঘ-সংশ্লিষ্ট আটটি অনুষ্ঠান, চারটি উচ্চপর্যায়ের সাইডলাইন কর্মসূচি এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি ছিল। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হয়। এসব আলোচনায় বাংলাদেশি কর্মীদের স্বার্থ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় উঠে আসে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।

সফরের অংশ হিসেবে বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ে দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জাস্ট ট্রানজিশন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়েও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরে কয়েকটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন।

নিউইয়র্ক সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরার উদ্দেশে রওনা দেন। দুবাইয়ে যাত্রাবিরতির পর রোববার ভোরে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে এবং সকালেই প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছান।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে