×
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

২০২৬ সেপ্টেম্বর ২৫ ০৮:৫৭:৫৯
জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে দেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল বিশ্বের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিতে জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ। ভাষণে তিনি সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, এআই, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায় সরকার। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির সুফল যেন প্রতিটি পরিবার ও নাগরিকের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, পরিবারে নারী প্রধানের নামে দেওয়া ‘ফ্যামিলি কার্ড’কে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি প্রতীক হিসেবে বিবেচনা করছে সরকার। পাশাপাশি ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড চালু করা হয়েছে। এসব উদ্যোগকে সমন্বিত করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘের ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। তবে প্রযুক্তির সুবিধা এখনো বিশ্বের সব মানুষের জন্য সমানভাবে নিশ্চিত হয়নি।

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে। বর্তমানের ডিজিটাল বৈষম্য যেন ভবিষ্যতে এআই ব্যবহারের ক্ষেত্রেও নতুন বৈষম্য তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল যাতে বিশ্বের বিভিন্ন দেশে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন।

ভাষণে বাংলাদেশের আশ্রয়ে থাকা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে। তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনকে তিনি সংকট সমাধানের মূল পথ হিসেবে তুলে ধরেন। এ জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সহযোগিতা চেয়েছেন তিনি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের অন্যতম ভুক্তভোগী বাংলাদেশ।

জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকেও তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বানুমানযোগ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা ও খরার প্রভাব মোকাবিলায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু হয়েছে।

জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের সামাজিক সুরক্ষা থেকে শুরু করে প্রযুক্তি, জলবায়ু ও রোহিঙ্গা সংকট—বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে সরকারের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে