×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:২৫:২৮
সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিতে নতুন করে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে আবেদন নেওয়ার পর নির্ধারিত সংখ্যক যোগ্য আবেদনকারী না পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা কমিটির যাচাই-বাছাই ও সুপারিশ করা আবেদন আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বিশেষ অনুদানের জন্য গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। তবে প্রাপ্যতার তুলনায় প্রয়োজনীয় সংখ্যক যোগ্য আবেদনকারী পাওয়া যায়নি।

বিশেষ করে প্রত্যন্ত, দুর্গম, উপকূলীয়, চরাঞ্চল, হাওর ও অনগ্রসর এলাকার অনেক সম্ভাব্য আবেদনকারীর অনলাইনে আবেদন করার সুযোগ সীমিত ছিল। ফলে যোগ্য কেউ যাতে অনুদান থেকে বাদ না পড়েন, সে জন্য এবার ম্যানুয়াল পদ্ধতিতে নতুন করে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন প্রয়োজনের জন্য বিশেষ অনুদানের আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার,আসবাবপত্র ও শিক্ষা উপকরণ কেনা, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করা, পাঠাগার উন্নয়ন এ ছাড়া বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার কারণে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন।সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বিশেষ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

অগ্রাধিকার দেওয়া হবে দুরারোগ্য ব্যাধি বা দুর্ঘটনায় আক্রান্ত, দুস্থ, মেধাবী, এতিম, অদম্য মেধাবী ও দরিদ্র, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায় এবং অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের।এ ছাড়া উপকূলীয় এলাকা, চরাঞ্চল, হাওর ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও অগ্রাধিকার পাবেন।

প্রতিষ্ঠানের অনুদানের জন্য প্রতিষ্ঠানপ্রধান বা প্রধান শিক্ষককে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আবেদন প্রতিষ্ঠানপ্রধান, প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে পাঠাতে হবে।ন্যদিকে, স্নাতক, সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ বা রেজিস্ট্রারের মাধ্যমে করতে হবে।

প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা রেজিস্ট্রার আবেদনগুলো যাচাই করে একত্র করবেন। এরপর আবেদনগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই শেষে সুপারিশ করবে।

সুপারিশ করা তালিকা আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে।আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম, প্রতিষ্ঠানপ্রধানের প্রতিস্বাক্ষর করা কাগজ, প্রয়োজনীয় প্রত্যয়নপত্র এবং জেলা প্রশাসকের সুপারিশ দিতে হবে।

দুরারোগ্য, জটিল ও ব্যয়বহুল রোগের ক্ষেত্রে সরকারি হাসপাতালের নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষর করা প্রত্যয়নপত্র, চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপিও প্রয়োজন হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র দিতে হবে।

প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বীকৃতির কপি, ইআইআইএন নম্বর এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব নম্বর, শাখা, রাউটিং নম্বর, চেক বইয়ের পাতা ও ব্যাংক স্টেটমেন্টের কপিও প্রয়োজন হবে।শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নামে থাকা তফসিলি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষ অনুদানের জন্য বিবেচ্য রোগ ও পরিস্থিতির মধ্যে ক্যান্সার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন এবং দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার দেওয়া প্রতিবন্ধী সনদ জমা দিতে হবে।যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের নতুন করে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করার প্রয়োজন নেই।

একই ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন ও ম্যানুয়াল—দুই পদ্ধতিতে আবেদন করলে উভয় আবেদনই বাতিল করা হবে। জেলা কমিটিকেও অনলাইনে আগে সুপারিশ করা আবেদন যেন ম্যানুয়াল পদ্ধতিতে আবার সুপারিশ না করা হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।এ জন্য অনলাইন ও ম্যানুয়াল আবেদন মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার এই সুবিধা নিতে পারবেন। শিক্ষার্থীরা শিক্ষাজীবনে প্রতি তিন বছর পরপর আবেদন করতে পারবেন।

একই সময়ে অন্য কোনো সরকারি অনুদান পেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিশেষ অনুদানের জন্য যোগ্য হবে না। তবে শিক্ষার্থীদের সাধারণ সরকারি উপবৃত্তি ও মেধাবৃত্তি এই শর্তের বাইরে থাকবে।

এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বা অন্য কোনো সংস্থার মাধ্যমে নির্মাণ, সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ চলছে, অথবা সংশ্লিষ্ট অর্থবছরে এমন প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের আবেদন বিবেচনা করা হবে না।যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ পাঠানো হবে।

অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে বাবা বা মায়ের সঙ্গে যৌথ নামে তফসিলি ব্যাংক হিসাব থাকতে হবে। প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ নামে তফসিলি ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক।

অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্যযুক্ত কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন সরাসরি বাতিল করা হবে। শুধু আবেদন বা সুপারিশ করা হলেই অনুদান পাওয়ার অধিকার তৈরি হবে না। অনুদান দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়া আবেদনও অনলাইন আবেদনের মতো একই যোগ্যতা, শর্ত ও অগ্রাধিকার অনুযায়ী যাচাই করা হবে।নির্ধারিত শর্ত ভঙ্গ বা অসৎ পদ্ধতি অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবেদনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দিতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। একইভাবে স্নাতক ও তদূর্ধ্ব বা সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও রেজিস্ট্রারদেরও আবেদনকারীদের সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে