×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের জন্য নতুন ছাড়

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৯:১৯:৩৪
ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের জন্য নতুন ছাড়

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রা বা ডলার ব্যবহার ছাড়াই এখন টাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের অর্থ পরিশোধ ও নিষ্পত্তির সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেন টাকায় নিষ্পত্তি করা যাবে। মূলত বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরবর্তী সময়ে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধ করা যাবে। তবে আমদানি-রপ্তানির এলসি, চুক্তি ও ইনভয়েস আগের নিয়মেই অনুমোদিত বৈদেশিক মুদ্রায় করতে হবে। পরে প্রচলিত বিনিময় হার অনুসরণ করে ওই বৈদেশিক মুদ্রার অর্থ টাকায় রূপান্তর করে লেনদেন নিষ্পত্তি করা যাবে।

এদিকে টাকায় রপ্তানি আয় গ্রহণকারী রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগও রাখা হয়েছে। সংরক্ষিত এসব বৈদেশিক মুদ্রা কাঁচামাল আমদানি, ইডিএফ ঋণ পরিশোধসহ অনুমোদিত বিভিন্ন বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

ভোস্ট্রো হিসাবে জমা থাকা অতিরিক্ত অর্থ ব্যবহারের ক্ষেত্রেও সুযোগ বাড়ানো হয়েছে। এসব অর্থ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে বাংলাদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও এসব অর্থ ব্যবহার করা সম্ভব হবে।

অন্যদিকে একই দিনে পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এক্সচেঞ্জ হাউস ও আইএমটিওর মাধ্যমে দেশে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তবে এ ধরনের লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের পরিচিতি যাচাই বা কেওয়াইসি, মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রযোজ্য রিপোর্টিংয়ের শর্তও যথাযথভাবে পরিপালন করতে হবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে