×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ০৭:৫২:২৭
তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়ায় মাদক মামলায় একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগের পরও অপরাধ থেকে ফিরে না আসা দুই ব্যক্তিকে সংশোধনের উদ্যোগ হিসেবে তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠিয়েছে পুলিশ। তাবলিগ শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানায় ফিরে ওই দুই ব্যক্তি নিজেদের ভুল স্বীকার করে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের বাসিন্দা জালাল ও হেলালের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তারা কারাভোগও করেছেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়তেন বলে স্থানীয় সূত্রের দাবি।

এ পরিস্থিতিতে কেবল মামলা ও গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের আচরণগত ও নৈতিক পরিবর্তনের উদ্যোগ নেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। স্থানীয়দের সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে থানায় ডেকে এনে তাদের তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠানো হয়।

তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে জালাল ও হেলাল কচুয়া থানায় ফিরে ওসির সঙ্গে দেখা করেন। এ সময় তারা মাদক কেনাবেচা ও সেবন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নিয়মিত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার মাধ্যমে নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনার অঙ্গীকার করেন।

এ উদ্যোগের বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু আইনি ব্যবস্থা ও মামলা দিয়ে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা কঠিন। এর পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের নৈতিক ও মানসিক পরিবর্তনের জন্যও উদ্যোগ নেওয়া প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে তাদের স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে ফেরার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।

ওসি আরও বলেন, তারা যেন মাদকের পথ ছেড়ে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন, সেটিই পুলিশের প্রত্যাশা। এদিকে পুলিশের এই সংশোধনমূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তবে ওই দুই ব্যক্তির ভবিষ্যৎ আচরণ ও মাদক থেকে সম্পূর্ণভাবে ফিরে আসার বিষয়টি পর্যবেক্ষণের মধ্যেই থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে