×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৯:০২:৫৩
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই টাকা দেবে সরকার!

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো এবং ক্ষতিকর বা অপ্রয়োজনীয় তথ্য স্ক্রল করার ‘ডুমস্ক্রলিং’ প্রবণতা কমাতে নাগরিকদের বই পড়ায় উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। দেশটির ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের উদ্যোগে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে নাগরিকদের ভার্চুয়াল পয়েন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমলে তা অর্থে রূপান্তর করা যাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, এই কর্মসূচিতে অংশ নিতে পাঠকদের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে প্রতিদিনের বই পড়ার সময় ও তথ্য নথিভুক্ত করতে হবে। প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়লে পাওয়া যাবে ২০টি ভার্চুয়াল পয়েন্ট বা কয়েন। তবে দিনে সর্বোচ্চ একটি পড়ার সেশন নথিভুক্ত করা যাবে।

কর্মসূচির নিয়ম অনুযায়ী, ১ হাজার ভার্চুয়াল কয়েন জমা হলে পাওয়া যাবে ১ সিঙ্গাপুর ডলার, যা প্রতিবেদনের হিসাবে প্রায় ৮০ মার্কিন সেন্টের সমান। অর্থাৎ, প্রতিদিন ১৫ মিনিট করে বই পড়লে টানা ৫০ দিনে একজন পাঠক ১ হাজার কয়েন জমাতে পারবেন এবং এর বিনিময়ে পাবেন ১ সিঙ্গাপুর ডলার।

সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা টাম বলেন, ছোট ও সহজলভ্য কিছু পদক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী পড়ার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। তার মতে, বর্তমানে মানুষ বিপুল পরিমাণ তথ্যের মধ্যে বাস করছে এবং যেকোনো সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য খবরের শিরোনাম স্ক্রল করতে পারে। তাই নিয়মিত ছোট ছোট চর্চার মাধ্যমে পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেলিসা টাম দ্য স্ট্রেইটস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বাসে যাতায়াতের সময়, রাতে ঘুমানোর আগে কিংবা দুপুরের খাবারের বিরতিতে ১৫ মিনিট বই পড়ার মতো সহজ অভ্যাস তৈরি করাই এই কর্মসূচির উদ্দেশ্য। এর মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে বই পড়াকে নিয়মিত চর্চায় পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

মূলত তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি কমানোর লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক গবেষণার প্রসঙ্গ তুলে ধরে এতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে নেতিবাচক বা উদ্বেগ তৈরি করা তথ্য স্ক্রল করার অভ্যাস এবং বিভিন্ন অ্যাপের প্রতি অতিরিক্ত নির্ভরতা তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে সিঙ্গাপুর সরকার এর আগেও আর্থিক প্রণোদনা ব্যবহার করেছে। শারীরিক সুস্থতা বাড়াতে হাঁটার অভ্যাস গড়ে তোলার জন্য সুপারমার্কারের ভাউচারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

এদিকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নতুন এই কর্মসূচি এমন সময়ে চালু করা হয়েছে, যখন আন্তর্জাতিক মূল্যায়নে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা পড়ার দক্ষতায়ও ভালো অবস্থানে রয়েছে। প্রতিবেদনে ২০২৫ সালের আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন কর্মসূচি (পিআইএসএ)-এর তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের বই পড়া ও তথ্য বোঝার দক্ষতায় সিঙ্গাপুরের শিক্ষার্থীরা বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। তালিকায় চীন ও তাইওয়ানকে পেছনে ফেলে তারা প্রথম অবস্থান অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে