×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৬:২১:২০
আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোকে বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণ করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে আইপিও বিধিমালায় পরিবর্তন আসতে পারে—এমন আশঙ্কায় আবেদন প্রক্রিয়া স্থগিত বা বিলম্ব না করার পরামর্শও দিয়েছে কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, বর্তমানে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইক্যুইটি সিকিউরিটিজের জনসাধারণের কাছে প্রস্তাব) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। শেয়ারবাজার থেকে নতুন মূলধন সংগ্রহে আগ্রহী কোম্পানিগুলো বিদ্যমান বিধিমালা অনুসরণ করেই আইপিওর জন্য আবেদন করতে পারবে।

কমিশনের ভাষ্য অনুযায়ী, যারা ইতোমধ্যে আইপিওর জন্য আবেদন করেছে বা আবেদন করার প্রস্তুতি নিচ্ছে, তাদের ভবিষ্যতে বিধিমালার সংস্কার বা পরিবর্তনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে আইপিওসংক্রান্ত বিধিমালায় কোনো সংস্কার, পরিবর্তন বা শিথিলতা এলে, প্রযোজ্য ক্ষেত্রে বর্তমানে আবেদনকারী কোম্পানিগুলোও সেই সুবিধা পাবে।

অন্যদিকে, ব্যবসা পরিচালনা কিংবা সম্প্রসারণের জন্য নতুন মূলধনের প্রয়োজন নেই—এমন প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর জন্য তালিকাভুক্তির বিকল্প ব্যবস্থা হিসেবে ডাইরেক্ট লিস্টিং চালুর উদ্যোগ নিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। জনমত গ্রহণের জন্য ইতোমধ্যে খসড়াটি প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবিত ডাইরেক্ট লিস্টিং ব্যবস্থায় কোম্পানিকে নতুন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে হবে না। বরং বিদ্যমান শেয়ারধারীরা তাদের হাতে থাকা শেয়ার অফলোডের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করতে পারবেন।

বিএসইসি জানিয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণকারী কোম্পানিগুলো ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য আবেদন করার সুযোগ পাবে। এর ফলে নতুন ও সক্ষম কোম্পানির শেয়ারবাজারে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বিদ্যমান শেয়ারধারীদের হাতে থাকা শেয়ার অফলোডের সুযোগ তৈরি হবে। এতে বাজারের গভীরতা ও পরিধি বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।

কমিশন আরও জানিয়েছে, ডাইরেক্ট লিস্টিংসংক্রান্ত বিধিমালা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করে কার্যকর করা হবে। তাই এই ব্যবস্থার আওতাভুক্ত এবং শেয়ারবাজারে তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে