×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৩:৩৮:৪০
৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক

নিজস্ব প্রতিবেদক: নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে চান্দনি কুরেশিকে বিয়ে করার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতে চান বলে আদালতকে জানিয়েছেন ৩১ বছর বয়সী আয়ুশ মালিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) এলাহাবাদ হাইকোর্টে সশরীরে হাজির হয়ে তিনি জানান, কোনো ধরনের জোরজবরদস্তি বা প্রলোভনের কারণে নয়, সম্পূর্ণ স্বাধীন ইচ্ছায় তিনি ইসলাম গ্রহণ করেছেন।

আয়ুশের বক্তব্যের পর তাকে কোনো ধরনের হয়রানি না করতে শামলি পুলিশকে নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং তাকে আইনি হেফাজতে রাখার অভিযোগে রাজ্য কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত।

আদালতে আয়ুশ মালিক স্পষ্টভাবে বলেন, তিনি নিজের সিদ্ধান্তেই ধর্মান্তরিত হয়েছেন এবং স্ত্রী চান্দনি কুরেশির সঙ্গেই সংসার করতে চান। এর আগে আয়ুশ হিন্দু ধর্মে ফিরে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এরপর তাকে বাড়িতে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।

আয়ুশের বন্ধু সুলতান এ ঘটনায় হাইকোর্টে একটি ‘হেবিয়াস কর্পাস’ রিট পিটিশন দায়ের করেন। এ ধরনের আবেদনের মাধ্যমে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে কি না, তা যাচাই করে আদালতে সশরীরে হাজির করার নির্দেশ চাওয়া হয়। পিটিশনে অভিযোগ করা হয়, ধর্মান্তর ও পরিবারের অমতে বিয়ের পর আয়ুশকে তার বাবার পক্ষ থেকে রাজ্য প্রশাসনের সহায়তায় আটকে রাখা হয়েছিল।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিচারপতি সন্দীপ জেইন উত্তর প্রদেশ কর্তৃপক্ষ এবং আয়ুশের বাবা দেবরাজ সিং মালিককে নির্দেশ দেন, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আয়ুশকে আদালতে সশরীরে হাজির করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে বেআইনিভাবে আটকে রাখা এবং এতে পুলিশি সহায়তার অভিযোগকে আদালত গুরুতর প্রকৃতির বলে উল্লেখ করেন।

পিটিশনে বলা হয়, পরিবারের অমতে বিয়ে করায় গত ৬ জুন শামলি থানায় চান্দনি কুরেশি ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেন আয়ুশের বাবা। উত্তর প্রদেশ বেআইনি ধর্মান্তরকরণ প্রতিরোধ আইন, ২০২১ এবং ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় মামলাটি করা হয়। তবে আবেদনকারীরা ওই এফআইআরকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আয়ুশের মুক্তির আবেদন জানান।

আদালতে আয়ুশ নিজের ধর্মান্তর ও বৈবাহিক অবস্থান সম্পর্কে বক্তব্য দেওয়ার পর পুলিশ প্রশাসনকে এই দম্পতির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে। তবে শুনানিতে আয়ুশের বক্তব্যের মাধ্যমে তার ধর্ম গ্রহণ ও স্ত্রীকে নিয়ে থাকার সিদ্ধান্তটি স্বেচ্ছায় নেওয়া হয়েছে বলে তার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে