×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৩:২২:১৪
পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায় এবং রেঞ্জ ও ডিআইজি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (পুলিশ) ক্যাডারের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। একইভাবে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়ের পাঁচ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বে এসব কর্মকর্তাদের পদায়ন ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে