×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ১০ ১২:১৬:১১
সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের স্বাক্ষর করা নোটিশে সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে তার বক্তব্যের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়।

নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত (আইডি-৪১০২১০৪৬) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০২১-২০২২।

নোটিশে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে সিফাত ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কলেজ কর্তৃপক্ষের নোটিশে আরও উল্লেখ করা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোকে শিক্ষার্থীদের গড়ে তোলাকে প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নোটিশে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮-এর উল্লেখ করা হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে বলে জানানো হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সিফাতের কথিত কর্মকাণ্ড প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের বিব্রত করেছে।

শোকজের জবাব দেওয়ার জন্য সিফাতকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা পর্যালোচনার পর কলেজ কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। অভিযোগ প্রমাণিত হলে নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

নোটিশের অনুলিপি অবগতির জন্য সেনাসদর, জিএস শাখার শিক্ষা পরিদপ্তর, সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করার অভিযোগে আব্দুল্লাহ সিফাতকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছিল। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা এবং পরবর্তী আইনগত অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে