×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান

২০২৬ সেপ্টেম্বর ০৯ ২১:২৭:১৮
শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার প্রকাশিত শ্বেতপত্রে যেসব বিষয় উঠে এসেছিল, সেগুলোর আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনের দিনের কর্মসূচিতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা জানান।

সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রবণতা সরকারের নজরে এসেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সমস্যা মোকাবিলায় প্রকল্পের সমীক্ষা যাচাই, বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত করা, কাজের অগ্রগতি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে নিবিড় তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা ও সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন সরকারপ্রধান। তিনি জানান, ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশে ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কুতুবজোনে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জানান, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। পাশাপাশি ডিজেলচালিত পাম্পগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

ভোলার প্রাকৃতিক ও গ্যাসসম্পদ কাজে লাগিয়ে জেলার সার্বিক উন্নয়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী। এ জন্য ভোলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে দেশের অর্থনীতিতে সমুদ্র ও উপকূলীয় সম্পদের অবদান আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সরকারপ্রধান। এ উদ্দেশ্যে পাঁচ বছর মেয়াদি একটি সামগ্রিক মেরিন প্লানিং জোন তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে