×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

 উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৭:৪০:১০
 উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : উল্টোপথে প্রবেশ করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়িচালকের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ রোড দিয়ে একটি পতাকাবাহী রেঞ্জ রোভার (ঢাকা মেট্রো ঘ-১৮-২১২৫) উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

উল্টোপথে গাড়ি চলতে দেখে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা সেটি থামিয়ে দেন। পরে গাড়ির চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি জানানো হয়।

বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে দুটি পৃথক ধারায় মামলা করা হয়। একই সঙ্গে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে বসা ছিলেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। মন্ত্রী কিংবা সাধারণ নাগরিক—যে-ই ট্রাফিক আইন লঙ্ঘন করুন না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান ওই কর্মকর্তা। তার ভাষ্য, অতীতেও প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি উল্টোপথে চলার অভিযোগ পাওয়া গেছে। তবে এবার ঘটনাস্থলেই গাড়ি থামিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে