ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

অপহরণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতাসহ গ্রেফতার ২

২০২৬ আগস্ট ১৩ ১১:০৬:৪১
অপহরণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়াশোনা করে। শাকিল তাদের প্রতিবেশী। মামলায় অভিযোগ করা হয়েছে, স্কুলে যাতায়াতের সময় শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

ভুক্তভোগীর মা ও মামলার বাদী আরিফা আক্তার জানান, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাড়িতে ফিরে যান। দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গিয়ে জানতে পারেন, সে সেখানে নেই।

পরে মেয়ের বান্ধবীদের কাছ থেকে তিনি জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুসলিয়ে ওই ছাত্রীকে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করা হয়। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে