ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন

২০২৬ আগস্ট ০৫ ২০:৩৪:০০
তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?”

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে সর্বশেষ পোস্টে এ বক্তব্যের কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রে ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়নি।

তার দাবি, প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে, জুলাইয়ের ঘটনাগুলো কোনো গণঅভ্যুত্থান নয়; বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলন ছিল।

সারজিস আরও লেখেন, “ইতিহাসকে দখল করার যে প্রবণতা আওয়ামী লীগের ছিল, বিএনপিও সেটিই অনুসরণ করছে বলে মনে হচ্ছে।”

তিনি বলেন, শুধু দুঃখ প্রকাশ করলেই এ ধরনের বিতর্কের অবসান হবে না। তার ভাষ্য, রাষ্ট্র পরিচালনায় দলীয় সংকীর্ণতা ও ইতিহাসের রাজনৈতিক ব্যবহার থেকে সরে আসা প্রয়োজন।

উল্লেখ্য, বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর সেখানে আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির অনুপস্থিতি নিয়ে উপস্থিতদের একাংশের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে