ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়

২০২৬ জুলাই ২১ ১৫:১০:৪৪
দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

হজ প্যাকেজ-১

এই প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে হোটেলে থাকার সুযোগ পাবেন। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় ৩৫ থেকে ৪০ দিন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)

সাশ্রয়ী এই প্যাকেজে মক্কায় হোটেল হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।

মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

হোটেল যদি হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাস সেবা দেওয়া হবে।

সরকার জানিয়েছে, হজযাত্রীদের বাজেট ও সুবিধার কথা বিবেচনা করেই দুটি পৃথক প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যাতে তারা প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে