ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০২৬ জুলাই ২১ ১৫:০০:১৫
কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি কানাডার ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন শুল্কের আওতায় ওয়াইন, হকি স্টিকসহ বিভিন্ন ভোগ্যপণ্য এবং সিমেন্টের মতো শিল্পপণ্য অন্তর্ভুক্ত হয়েছে। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও মাছসহ কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। বিশ্লেষকদের মতে, এতে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে কানাডা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নতুন এই শুল্ক কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো (ইউএসএমসিএ) মুক্ত বাণিজ্য চুক্তির পরিপন্থী এবং এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির আরেকটি উদাহরণ।

কার্নি আরও বলেন, কানাডার সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যও উদ্বেগের বিষয়। বিশ্লেষকদের ধারণা, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে ট্রাম্পের আগের মন্তব্যের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

বর্তমানে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ১৫ থেকে ৫০ শতাংশ, সফটউড লাম্বারের ওপর ৩৫ শতাংশ এবং গাড়িতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে কানাডাও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্বাচিত ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর রেখেছে।

সম্প্রতি কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুল্ক আরোপের হুমকি দিলেও, ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। বরং গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদ নিয়ে দীর্ঘদিনের বাণিজ্যিক বিরোধকেই নতুন শুল্কের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

বিশেষ করে ট্রাম্পের অভিযোগ, ইউএসএমসিএ চুক্তির বাইরে থাকা মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের ওপর কানাডা অযৌক্তিক কর আরোপ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

এ ছাড়া দুগ্ধজাত পণ্যের বাজারে প্রবেশাধিকার এবং কানাডার বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্রের মদের ওপর কার্যত বয়কটও দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে