ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা

২০২৬ জুলাই ০২ ১৭:০০:০৩
নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা

নিজস্ব প্রতিবেদক: দেশে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক জুয়ার বিস্তার রোধে নতুন ও কঠোর একটি আইন কার্যকর করেছে সরকার। বুধবার (১ জুলাই) গেজেট আকারে প্রকাশের সঙ্গে সঙ্গেই আইনটি কার্যকর হয়।

নতুন আইনে প্রথমবারের মতো অনলাইন জুয়া, অনলাইন বেটিং, ফ্যান্টাসি ও ই-স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, বুকমেকিং, এমনকি ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে জুয়ার অর্থ লেনদেনকেও অপরাধ হিসেবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে ভিপিএন, প্রক্সি সার্ভার, মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনাও নিষিদ্ধ করা হয়েছে।

আইনে বলা হয়েছে, সাধারণ জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা হতে পারে। তবে অনলাইন বা দূরবর্তী মাধ্যমে জুয়া পরিচালনায় সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।

আরও কঠোর শাস্তি রাখা হয়েছে সংগঠিত ডিজিটাল জুয়া নেটওয়ার্ক, অনলাইন বেটিং বা ভিপিএন ও মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনার ক্ষেত্রে—এতে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা হতে পারে।

ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছর এবং স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করতে পারবে।

জুয়ার প্রচারণা, বিজ্ঞাপন বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমেও শাস্তির বিধান রাখা হয়েছে। এতে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা হতে পারে।

এছাড়া ভুয়া সিম, এমএফএস অ্যাকাউন্ট, অন্যের এনআইডি ব্যবহার করে জুয়া পরিচালনার ক্ষেত্রে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধ বা অর্থপাচারের উদ্দেশ্যে করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা হতে পারে।

আইনে জুয়ার অর্থ লেনদেনকে মানি লন্ডারিং অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ফলে সংশ্লিষ্টরা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায়ও বিচারাধীন হবেন।

আদালত চাইলে অপরাধে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, সার্ভার, ডোমেইন ও ডিভাইস বাজেয়াপ্ত করতে পারবে।

সরকার আধুনিক প্রযুক্তি—এআই, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল মনিটরিং সিস্টেম ব্যবহার করে অনলাইন জুয়া শনাক্ত ও নিয়ন্ত্রণ করবে বলে জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে