ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

সৌদির নতুন সিদ্ধান্তে লাখো প্রবাসীর মুখে হাসি

২০২৬ জুলাই ০১ ১৯:৩৭:৩১
সৌদির নতুন সিদ্ধান্তে লাখো প্রবাসীর মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ সব দেশের প্রবাসী শ্রমিকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। যেসব প্রবাসীর ওয়ার্ক পারমিটের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বা চাকরিতে যোগ দেওয়ার দীর্ঘ সময় পরও ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মী ও তাদের নিয়োগকর্তারা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে এবং যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তারা এই বিশেষ সুযোগের আওতায় থাকবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা, কর্মী ও নিয়োগকর্তার অধিকার সুরক্ষা এবং নিয়মবহির্ভূত কাগজপত্র বৈধ করার সুযোগ দিতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

একই সঙ্গে প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে সংগ্রহের আহ্বান জানিয়েছে সৌদি সরকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে কাগজপত্র-সংক্রান্ত জটিলতায় থাকা হাজারো প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি কর্মীরা বৈধভাবে কর্মসংস্থান চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে