ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬

জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা

২০২৬ জুন ২৭ ১০:৫১:২৯
জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা

নিজস্ব প্রতিবেদক: দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। বুধবার ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাইবো শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবারের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির উত্তরাঞ্চলে মানবিক সংকট আরও গভীর হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জনের বেশি। এছাড়া ১৭২ জনেরও বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) আশঙ্কা প্রকাশ করেছে, ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সামনে এলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধসে পড়া ভবনের নিচে এখনও বহু মানুষ আটকা থাকায় উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন।

শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হবে, যাতে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

এদিকে অনেক স্থানীয় বাসিন্দা স্বেচ্ছায় উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। কেউ ত্রাণ বিতরণ করছেন, আবার কেউ ব্যক্তিগত গাড়িকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।

উদ্ধার কার্যক্রম ও জরুরি যোগাযোগ সহজ করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করেছে।

ধ্বংসস্তূপের সামনে অপেক্ষমাণ ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস জানান, তার ছয় বছরের ছেলে ও আরও পাঁচ স্বজন এখনও নিখোঁজ। তিনি বলেন,"স্থানীয় মানুষের সহায়তায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ভারী কংক্রিট সরাতে এখন জরুরি ভিত্তিতে ক্রেন প্রয়োজন। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে