ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অটো লোনেও বড় ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

২০২৬ জুন ২৫ ১৬:৩৫:৩১
অটো লোনেও বড় ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) এবং দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব ঋণ সর্বোচ্চ ৮ বছর মেয়াদে বিতরণ করতে পারবে ব্যাংকগুলো। আগে এ ধরনের ঋণের সর্বোচ্চ মেয়াদ ছিল ৫ বছর।

বৃহস্পতিবার (২৫ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, পার্সোনাল লোন এবং ‘কনজিউমার ডিউরেবলস’ বা দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য ক্রয়ের ঋণের বর্ধিত সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে কনজিউমার ফাইন্যান্সিংয়ের জন্য প্রুডেন্সিয়াল রেগুলেশনের সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব ঋণের মেয়াদ কোনোভাবেই ৮ বছরের বেশি হবে না।

এদিকে দেশীয় মোটরযান শিল্পের বিকাশে সহায়তার লক্ষ্যে অটো লোনের ক্ষেত্রেও কিছু শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ অটো লোনের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া পরিবেশবান্ধব ও দেশীয়ভাবে উৎপাদিত যানবাহনের জন্য ঋণ-ইকুইটি অনুপাতও শিথিল করা হয়েছে। এসব ক্ষেত্রে ব্যাংকগুলো গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে। অন্যদিকে সাধারণ অটো লোনের ক্ষেত্রে আগের মতোই সর্বোচ্চ ৬০ শতাংশ অর্থায়নের সুযোগ বহাল থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কনজিউমার ফাইন্যান্সিং খাতে ঋণ প্রবৃদ্ধি ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবে না—এ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনাও বাতিল করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঋণের মেয়াদ বৃদ্ধির ফলে মাসিক কিস্তির চাপ কমবে এবং মধ্যবিত্ত গ্রাহকদের জন্য ব্যক্তিগত ঋণ ও ভোগ্যপণ্য ক্রয়ের সুযোগ আরও সহজ হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও দেশীয়ভাবে উৎপাদিত যানবাহন ব্যবহারে উৎসাহ বাড়বে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে