ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০২৬ জুন ২২ ১৫:১২:০০
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তীব্র রাজনৈতিক চাপ, জনসমর্থন হ্রাস এবং দলীয় অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর পদ ও লেবার পার্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, দেশের স্বার্থে এবং আগামী নির্বাচনের আগে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বক্তব্যের সময় তার পাশে ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। উপস্থিত সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে বিদায় জানান।

গত কয়েক মাস ধরে লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফলাফল, জনমত জরিপে জনপ্রিয়তা কমে যাওয়া এবং কয়েকজন মন্ত্রীর পদত্যাগের ঘটনায় স্টারমারের অবস্থান দুর্বল হয়ে পড়ে।

তার পদত্যাগের ফলে লেবার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অন্যতম প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন।

২০২৪ সালের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসা স্টারমার প্রায় দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন নেতৃত্বের অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি শিগগিরই নতুন নেতা নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে