ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে

২০২৬ জুন ১৪ ১০:৫৯:৩৫
ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে হাজীগঞ্জের মাতৃমায়া আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ইলিয়াছ কাজী ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত এক মরদেহ উদ্ধারের খবর দেখে পরিবারের সদস্যরা হাজীগঞ্জ থানায় যোগাযোগ করেন এবং মরদেহ শনাক্ত করেন।

হোটেল মালিক ফারুক হোসেন লিটন জানান, শুক্রবার সন্ধ্যায় ইলিয়াছ কাজী হোটেলে ওঠেন। পরদিন দুপুর পর্যন্ত কক্ষের দরজা বন্ধ থাকায় এবং বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে