ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২০২৬ জুন ১১ ১৬:৪২:২৪
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়।

গত ২৭ মে, পবিত্র ঈদুল আজহার আগের দিন হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা সামনে আসে। ঘটনাটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, হঠাৎ করেই কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাদেরও মৃত্যু হয়।

ঘটনার তদন্ত ও পর্যালোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ও অবস্থান নিয়ে সরকার সন্তুষ্ট নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে গত ৭ জুন হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির জানান, নিহত প্রতিটি নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, এর আগে ঘোষিত অন্যান্য সহায়তা ও সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা, জবাবদিহিতা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সিদ্ধান্তকে এ ঘটনার প্রেক্ষিতে নেওয়া অন্যতম কঠোর প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে