ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের

২০২৬ জুন ০৩ ২০:০৩:৩৪
মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে ভবিষ্যতে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় খামেনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগ ইতিবাচকভাবে এগোচ্ছে।

বুধবার (৩ জুন) প্রচারিত ‘পড ফোর্স ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা আশাব্যঞ্জক পর্যায়ে রয়েছে। খামেনির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আলোচনায় যুক্ত আছেন এবং দেশটির বিভিন্ন মহলে তার প্রতি যথেষ্ট সম্মান রয়েছে।

ট্রাম্প আরও বলেন, তিনি এখনো ব্যক্তিগতভাবে খামেনির সঙ্গে সাক্ষাৎ করেননি, তবে পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে এমন বৈঠক হতে পারে। তার ভাষায়, আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে কোনো একসময় দুই নেতার সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি দিয়েছে। তিনি এটিকে চলমান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অবস্থান পরিবর্তনের সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে কাজ চলছে। আলোচনা সফল হলে তা কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে। অন্যদিকে সমঝোতা না হলে বিকল্প পদক্ষেপও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা সম্পর্কেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি জটিল হলেও দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে এবং সংকট দীর্ঘস্থায়ী হবে বলে তিনি মনে করেন না।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে