ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

২০২৬ জুন ০৩ ১৯:১৮:৩১
আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) ভোর প্রায় ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ। তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের অন্যান্য থানায় আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অগ্রগতি এবং গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আসছিল। এছাড়া তার অবস্থান শনাক্ত করতে কয়েকজন স্থানীয় ব্যক্তি তথ্য দিয়ে সহায়তা করেছেন বলেও জানা গেছে।

ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আহ্বায়ক কমিটির সভাপতি এবং পরবর্তীতে জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি শিক্ষা খাতেও তার সম্পৃক্ততা ছিল। তিনি কলারোয়া উপজেলার বামনখালী এলাকায় ‘ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ’ প্রতিষ্ঠা করেন।

এছাড়া স্থানীয় সূত্র অনুযায়ী, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি তৎকালীন সাতক্ষীরা মহকুমা এলাকায় মুজিব বাহিনীর দায়িত্বশীল সদস্য হিসেবে ভূমিকা পালন করেছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে