ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান

২০২৬ জুন ০১ ১৭:১৬:৪৩
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীপেন দেওয়ানের জমা দেওয়া মূল পদত্যাগপত্রে প্রধানমন্ত্রীর হাতে লেখা ‘গৃহীত হলো’ মন্তব্য, স্বাক্ষর এবং তারিখ সংযুক্ত রয়েছে।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি অব্যাহত রাখার স্বার্থে বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এ কারণে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে তিনি দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আলোচনায় আসেন।

পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন।

মন্ত্রিসভা গঠনের পর এটিই প্রথম কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা। এখন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে