ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬

মুখ ঢেকে মশাল হাতে রাজপথে ছাত্রলীগ, এলাকায় চাঞ্চল্য

২০২৬ মে ২৯ ১০:২৪:৩৩
মুখ ঢেকে মশাল হাতে রাজপথে ছাত্রলীগ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ঈদের রাতেই ফরিদপুরে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এ মিছিল বের করা হয়।

মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক পরে হাতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করছেন।

এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এ ধরনের স্লোগানও শোনা যায়।

রাতের অন্ধকার ও মুখে মাস্ক থাকায় মিছিলকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন আকস্মিক মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় গণমাধ্যমকে জানান, কোনো নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে মিছিল করার সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ভিডিও সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে