ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফুচকা বিক্রি করে জীবন চলেছে ক্রিকেটারদের

২০২৬ মে ১২ ১০:৩৫:০২
ফুচকা বিক্রি করে জীবন চলেছে ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক: তামিম ইকবাল সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট, বিসিবির প্রশাসন, বিশ্বকাপ ইস্যু এবং ক্রিকেটারদের দুর্দশা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তামিম বলেন, আগের প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ একটি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে, যা তিনি ভালোভাবে নেননি।

তিনি স্মরণ করেন, ১৯৯৬-৯৭ সালে কেনিয়ার বিপক্ষে আইসিসি ট্রফি জয়ের পর দেশের মানুষ যেভাবে উদযাপন করেছিল, তা নতুন প্রজন্মকে ক্রিকেটমুখী করেছিল। তার ভাষায়,“আমরা কোনো আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। ওই স্কোয়াডে এমন খেলোয়াড় থাকতে পারে, যার হয়তো আর কখনও বিশ্বকাপে খেলার সুযোগ হবে না।”

বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তামিম বলেন, বর্তমান বোর্ড সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং বর্তমানে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও বড় কোনো সংকট নেই।

তিনি আরও দাবি করেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো এবং ভারতীয় দলের জন্যও বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তার মতে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনই হবে সম্পর্কের পরবর্তী বড় পদক্ষেপ।

ক্রিকেট বোর্ড পরিচালনা নিয়ে তামিম বলেন, ক্রিকেট বোঝার পাশাপাশি অর্থায়ন, মার্কেটিং ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ও প্রয়োজন। তিনি জানান, বিসিবির ব্যাংকে থাকা প্রায় ১৩০০ কোটি টাকা অবকাঠামো ও ক্রিকেট উন্নয়নে ব্যয় করা উচিত।

ক্রীড়া দুর্নীতি ও বেটিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানও তুলে ধরেন তামিম। তিনি বলেন, শুধু নিষেধাজ্ঞা নয়, ক্রীড়াঙ্গনে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন ও জেলের বিধান থাকা প্রয়োজন।

অ্যাডহক কমিটি গঠনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেন, আগের বোর্ডের সময় দেশের ক্রিকেট কাঠামো ভয়াবহ সংকটে পড়েছিল। বহু দল লিগ বয়কট করেছিল এবং অনেক ক্রিকেটার পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।

তার ভাষায়,“যেসব খেলোয়াড় ক্রিকেটকে কেন্দ্র করে জীবন গড়েছিলেন, তারা পথে বসে গিয়েছিলেন—অনেকে রিকশা চালানো বা ফুচকা বিক্রির মতো কাজ করতে বাধ্য হচ্ছিলেন।”

তিনি জানান, তার মূল লক্ষ্য হলো দ্রুত নির্বাচন সম্পন্ন করা এবং ভবিষ্যতে যেন বাংলাদেশ ক্রিকেটে এমন সংকট আর না আসে, তা নিশ্চিত করা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে