ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

আ.লীগ নিয়ে সাকিবের মন্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

২০২৬ মে ১২ ০৯:৫৬:০৯
আ.লীগ নিয়ে সাকিবের মন্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করা এই বিশ্বসেরা অলরাউন্ডার ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘সিম্পলি সাঈদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,“একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি কেউ আওয়ামী লীগ করে না।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন মূলধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন—এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশে ফেরেননি সাকিব। ভবিষ্যতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

নির্বাচনে অংশ নেওয়ার সময় কোনো নিরাপত্তাজনিত শঙ্কা কাজ করেছিল কি না জানতে চাইলে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই ক্রিকেটার। তিনি বলেন,“আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।”

বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্যে নিজ এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের প্রতি টান ফুটে উঠেছে।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনা আরও নতুন মাত্রা দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে