ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

১৪ তলার অনুমোদনে ২৮ তলা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

২০২৬ মে ০৮ ১৫:৩২:৫৩
১৪ তলার অনুমোদনে ২৮ তলা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: বনানীতে ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে নির্মিত ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী এবং তার নির্মাণ প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৪) ধারায় বৃহস্পতিবার বনানী থানায় মামলাটি রুজু করা হয়েছে।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, প্রকল্পে ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও চুক্তির শর্ত ভঙ্গ করে অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে সেখানে ফাইভ স্টার হোটেল ‘শেরাটন’ স্থাপন করা হয়।

তদন্তে আরও উঠে এসেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না করে এবং ডিএনসিসিকে প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে চুক্তি সংশোধন করানো হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ভবন নির্মাণে রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র নেওয়া হয়নি। ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, অনুমোদন ছাড়াই পরিচালিত হোটেল ব্যবসার মাধ্যমে অভিযুক্তরা ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা অবৈধভাবে আয় করে তা বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করেছে।

তদন্তে অর্থপাচারের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে সিআইডি। বর্তমানে সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে