ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, সতর্কবার্তা চিকিৎসকদের

২০২৬ মে ০৭ ১০:৩০:৪৮
ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, সতর্কবার্তা চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক: জ্বর, শরীর ব্যথা ও ক্লান্তি—এ ধরনের উপসর্গকে অনেকেই সাধারণ ভাইরাল জ্বর বা মৌসুমি অসুস্থতা মনে করে গুরুত্ব দেন না। তবে সম্প্রতি বিশ্বজুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে হান্তাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, কিছু ক্ষেত্রে সাধারণ জ্বরের মতো উপসর্গ দিয়েই শুরু হলেও এই ভাইরাস দ্রুত প্রাণঘাতী রূপ নিতে পারে।

সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক বিলাসবহুল ক্রুজশিপ এমভি হন্ডিয়াস-এ হান্তাভাইরাস সংক্রমণের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জাহাজটিতে কয়েকজন আক্রান্ত ও সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, হান্তাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মল, মূত্র ও লালার মাধ্যমে ছড়ায়। দীর্ঘদিন বন্ধ থাকা ঘর, গুদাম বা অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার সময় ধুলার সঙ্গে ভাইরাস বাতাসে মিশে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সংক্রমণের প্রাথমিক লক্ষণ অনেকটা সাধারণ ফ্লুর মতো। শুরুতে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, বমিভাব বা পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে কয়েক দিনের মধ্যেই শ্বাসকষ্ট, বুক ভারী লাগা এবং ফুসফুসে জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আলোচনায় থাকা কিছু হান্তাভাইরাসের ধরন খুব ঘনিষ্ঠ সংস্পর্শে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে ‘অ্যান্ডিস’ ধরনের ভাইরাস নিয়ে গবেষণা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, যাদের আশপাশে ইঁদুরের উপদ্রব বেশি, যারা কৃষিকাজ করেন, পুরোনো ঘর পরিষ্কার করেন বা পাহাড়ি ও বনাঞ্চলে ভ্রমণ করেন—তাদের ঝুঁকি তুলনামূলক বেশি।

এখন পর্যন্ত হান্তাভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা বিশেষ ওষুধ নেই। তাই সতর্ক থাকাই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন চিকিৎসকরা। তারা অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের সময় মাস্ক ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইঁদুরের মল বা মূত্র সরাসরি স্পর্শ না করে জীবাণুনাশক ব্যবহার করার কথাও বলা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা বা বুক ভারী লাগার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে