ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

পাঁচ দিনের আবহাওয়ার নতুন পূর্বাভাস

২০২৬ মে ০৬ ১৯:২৩:১৯
পাঁচ দিনের আবহাওয়ার নতুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কয়েক দিনের স্বস্তির পর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে সাময়িক স্বস্তি ফিরে আসার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাব দেশের আবহাওয়ায় পড়ছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই ধরনের বৃষ্টি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দিন ও রাত উভয় সময়েই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই গরম আরও বাড়তে পারে, যদিও শনিবার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রাজধানী ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে।

আবহাওয়াবিদদের মতে, চলমান এই গরমের প্রবণতা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমে এসে আবহাওয়ায় স্বস্তি ফিরতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে