ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

হাম নিয়ে বড় সংকেত—২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

২০২৬ মে ০৪ ১৭:৪৫:১৭
হাম নিয়ে বড় সংকেত—২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা চলমান প্রাদুর্ভাবে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো ঘটে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু এবং বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক উপসর্গ নিয়ে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—এখানে ১১ শিশুর প্রাণহানি হয়েছে, যার মধ্যে ঢাকা জেলাতেই মারা গেছে ৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু ৫২ জন এবং সন্দেহজনকভাবে মৃত্যু ২৫৯ জন। একই সময়ে আক্রান্তের সংখ্যাও দ্রুত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৪২ জনে, যাদের মধ্যে ২৫ হাজার ১৫১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০২ এবং নিশ্চিত শনাক্ত হয়েছে ১৫৪ জন। এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জন এবং নিশ্চিত শনাক্ত রোগী ৫ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে টিকাদান কর্মসূচিতে ঘাটতি থাকায় অনেক শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং মারাত্মক আকার নিচ্ছে। বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি বা অপুষ্টিতে ভুগছে, তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে—শিশুর জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর কারণে জনমনে উদ্বেগ বাড়ছে, আর বিশেষজ্ঞরা বলছেন—এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে