ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত দুই উপজেলা

২০২৬ এপ্রিল ২৭ ১৫:১০:৪৫
টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত দুই উপজেলা

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় তিন দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত এ দুই উপজেলায় কার্যত বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে। রবিবার রাতে অল্প সময়ের জন্য বিদ্যুৎ এলেও তা দ্রুতই আবার বন্ধ হয়ে যায়।

এ সময় মোবাইল নেটওয়ার্কও মারাত্মকভাবে ব্যাহত হয়। কিছু এলাকায় এক-দুটি অপারেটরের সীমিত নেটওয়ার্ক পাওয়া গেলেও অধিকাংশ এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, দিনে-রাতে মিলিয়ে মাত্র অল্প সময় বিদ্যুৎ মিলছে, তাও অনিয়মিতভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এতে মোবাইল চার্জ দেওয়া, ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

ব্যাটারিচালিত যানবাহন চালকরা জানান, বিদ্যুৎ না থাকায় চার্জ দিতে না পারায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই দিনে স্বাভাবিক আয়ের তুলনায় কয়েকগুণ কম আয় করছেন।

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরাও চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে এবং যানবাহন সংকটের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে।

ব্যাংকিং ও অনলাইন সেবাও বন্ধ হয়ে গেছে। স্থানীয় এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীরা জানিয়েছেন, ইন্টারনেট না থাকায় আর্থিক লেনদেন স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে জানা গেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে