ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা

২০২৬ এপ্রিল ২২ ১১:১০:১৭
সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রস্তাবটি এসেছিল, তা উল্লেখ করেননি।

পোস্টে তাসনিম জারা লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার সংসদে না যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি।

তিনি আরও লেখেন, সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে তিনি আগে থেকেই সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন চালুর পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তার ভাষায়, “আমি বিশ্বাস করি সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে পূরণ হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। এ বিষয়ে আমি প্রচারণা চালিয়েছি, যুক্তি দিয়েছি এবং মানুষের সমর্থন চেয়েছি। তাই প্রস্তাব পাওয়ার পর অবস্থান বদলানো আমার পক্ষে সম্ভব নয়।”

তবে যারা সংরক্ষিত আসনে সংসদে যাচ্ছেন, তাদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, অনেকেই যোগ্য এবং তারা ভালো কাজ করবেন বলেই তিনি আশা করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে