ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

২০২৬ এপ্রিল ১২ ১৯:১৫:৩৬
ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হওয়ায় কোনো চুক্তি হয়নি।

আলোচনার সময় সিএনএনকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা যায়, গতকাল সন্ধ্যায় শুরু হওয়া বৈঠক আজ সকাল পর্যন্ত চললেও কোনো সমাধান আসেনি। মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়, যা পরে আর নিরসন করা সম্ভব হয়নি।

আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের কাছে দুটি প্রধান দাবি তোলে—হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম হস্তান্তর করা। যুক্তরাষ্ট্র জানায়, এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে ইরান এসব শর্ত প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থানে অনড় থাকে। ইরান পাল্টা দাবি হিসেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকে জব্দ থাকা অর্থ ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করে।

তবে দুই পক্ষই একে অপরের শর্তে রাজি না হওয়ায় আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে জানা গেছে।

এছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দেয় যে, সমঝোতা চলাকালীনই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দেয়, চুক্তি না হলে তারা কোনোভাবেই প্রণালী খুলবে না।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী ইস্যুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিনের পারমাণবিক বিতর্কের পাশাপাশি হরমুজ এখন নতুন করে বড় ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে