ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সিটি ব্যাংকের রেকর্ড আয় ঘোষণা

২০২৬ এপ্রিল ১০ ১৯:১৩:৫৯
সিটি ব্যাংকের রেকর্ড আয় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক সিটি ব্যাংক ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। ব্যাংকটি সমন্বিতভাবে ১ হাজার ৩২৪ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের ১ হাজার ১৪ কোটি টাকার তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি ব্যাংক।

একক ও সহযোগী প্রতিষ্ঠানের অবদান

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে এককভাবে সিটি ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ কোটি টাকা। পাশাপাশি ব্যাংকের চারটি সহযোগী প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আরও ১৮ কোটি টাকা নিট মুনাফা যোগ করেছে।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, এই প্রবৃদ্ধি এসেছে শক্তিশালী আয় বৃদ্ধি, শৃঙ্খলাপূর্ণ ব্যয় ব্যবস্থাপনা এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার সমন্বিত ফল হিসেবে।

সুদ আয় ও সম্পদের মানে উন্নতি

২০২৫ সালে ঋণ থেকে সুদ আয় ৪ হাজার ৪০৩ কোটি টাকা থেকে বেড়ে ৫ হাজার ৪৫২ কোটি টাকায় পৌঁছায়, যা ২৪ শতাংশ প্রবৃদ্ধি। একই সময়ে ব্যাংকটি সম্পদের গুণগত মানও উন্নত করতে সক্ষম হয়।শ্রেণিকৃত ঋণের (এনপিএল) অনুপাত ৩.৭ শতাংশ থেকে কমে ২.৫ শতাংশে নেমে এসেছে, যা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় উন্নতির ইঙ্গিত দেয়।

আয়, ব্যয় ও বিনিয়োগ

ব্যাংকটি জানিয়েছে, সরকারি সিকিউরিটিজে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে আয় স্থিতিশীল রাখা হয়েছে। মোট পরিচালন আয়ের ৪ হাজার ৮৮৮ কোটি টাকার মধ্যে বিনিয়োগ থেকে এসেছে উল্লেখযোগ্য অংশ।

নিট বিনিয়োগ আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। অন্যদিকে মোট ব্যয় ছিল ২ হাজার ১৬০ কোটি টাকা, ফলে কস্ট-টু-ইনকাম অনুপাত ৪৪–৪৫ শতাংশের মধ্যে রাখা সম্ভব হয়েছে।

ফি ও কমিশন আয়ে প্রবৃদ্ধি

২০২৫ সালে ব্যাংকটির ট্রেড, রিটেইল ব্যাংকিং ও কার্ড ব্যবসা থেকে মোট ফি ও কমিশন আয় দাঁড়িয়েছে ৯৯৭ কোটি টাকা, যা মোট পরিচালন আয়ের প্রায় ২১ শতাংশ।এর মধ্যে ট্রেড সার্ভিস থেকে এসেছে ৫২৬ কোটি টাকা এবং রিটেইল ও কার্ড ব্যবসা থেকে এসেছে ৪৭১ কোটি টাকা।

প্রভিশন ও ঝুঁকি ব্যবস্থাপনা

লোনের বিপরীতে প্রভিশন ব্যয় বাড়িয়ে ৮১৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা আগের বছরের ৬২৮ কোটি টাকা ছিল। ফলে প্রভিশন কভারেজ অনুপাত বেড়ে ১২৮ শতাংশে পৌঁছেছে।

ব্যবস্থাপনার প্রতিক্রিয়া

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, অতিরিক্ত প্রভিশন ব্যয়ের কারণে নিট মুনাফা ১ হাজার ৫০০ কোটি টাকার স্তরে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, রিটেইল ব্যাংকিং ও কার্ড ব্যবসার প্রবৃদ্ধি এখন কর্পোরেট ব্যাংকিংকেও ছাড়িয়ে গেছে। পাশাপাশি ছোট ঋণ, ক্রেডিট কার্ড ও এলসি ব্যবসায় শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রয়েছে।তবে তিনি কর্পোরেট ও মাঝারি ঋণ পোর্টফোলিও নিয়ে কিছু উদ্বেগের কথাও উল্লেখ করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে