ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ

২০২৬ এপ্রিল ০৭ ১৯:২০:১৪
গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’-এর অর্থ ব্যবহারে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। ফান্ডের অর্থ বিধিবহির্ভূত প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়টি চিহ্নিত করেছেন নিরীক্ষকরা।

ফান্ডটির ২০২৫ সালের আর্থিক হিসাব পর্যালোচনার ভিত্তিতে নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়ম তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফান্ডটি থেকে ৭ কোটি টাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) দীর্ঘমেয়াদি আমানত (এফডিআর) হিসেবে রাখা হয়েছে, যা মোট সম্পদের ৭.৩৪ শতাংশ। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালার ৬৭(৪) ধারা অনুযায়ী, কোনো মিউচুয়াল ফান্ডের অর্থ শুধুমাত্র তফসিলি ব্যাংকে এফডিআর হিসেবে রাখা যায়; ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নয়।

যদিও সংশ্লিষ্ট বিধিমালার গেজেট প্রকাশের আগেই এই বিনিয়োগ করা হয়েছিল, তবে আইন কার্যকর হওয়ার পরও ফান্ড কর্তৃপক্ষ তা সংশোধন বা স্থানান্তর করেনি বলে নিরীক্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মিউচুয়াল ফান্ড বিধিমালার ৪৩(১৭) ধারারও লঙ্ঘন করেছে ফান্ডটি। এই ধারা অনুযায়ী, অ্যাসেট ম্যানেজার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার কেনাবেচা করা নিষিদ্ধ। কিন্তু নিয়ম অমান্য করে ফান্ডটি তাদের অ্যাসেট ম্যানেজার আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিস্টার কনসার্ন আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির মাধ্যমে শেয়ার লেনদেন করেছে।

এ বিষয়ে জানতে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব শাশ্বত কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই মিউচুয়াল ফান্ডটির পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ও অন্যান্য বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) মালিকানা রয়েছে ৩৯ শতাংশ। সর্বশেষ সোমবার (৬ এপ্রিল) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফান্ডটির প্রতি ইউনিটের বাজারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৮০ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে