ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

একটি ভুল, আজীবনের অন্ধকার—আরিফার করুণ কাহিনি

২০২৬ এপ্রিল ০৭ ১৭:৩৬:৫৩
একটি ভুল, আজীবনের অন্ধকার—আরিফার করুণ কাহিনি

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের সাত বছরের শিশু আরিফার জীবনে নেমে এসেছে অন্ধকার। খেলতে গিয়ে অসাবধানতাবশত সুপার গ্লু চোখে ঢুকে যাওয়ায় তার বাম চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

জানা যায়, প্রায় ছয় মাস আগে বাড়ির উঠানে কুড়িয়ে পাওয়া একটি সুপার গ্লুর প্যাকেটকে খেলনা ভেবে ব্যবহার করছিল আরিফা। খেলতে খেলতে হঠাৎ করেই আঠা তার চোখের ভেতরে ঢুকে যায়। দ্রুত চিকিৎসা না পাওয়ায় তার বাম চোখের আলো চিরতরে নিভে যায়।

যে বয়সে তার পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই এখন তাকে এক চোখে পৃথিবী দেখতে হচ্ছে। প্রতিনিয়ত চোখের যন্ত্রণা নিয়েই দিন কাটছে এই অবুঝ শিশুর।

আরিফার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। তার বাবা-মা দুজনই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় উন্নত চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। শুরুতে এলাকাবাসীর সহায়তায় কিছু চিকিৎসা হলেও এখন সেটিও বন্ধ হয়ে গেছে।

আরিফার মা হনুফা বেগম বলেন,“আমরা বুঝতেই পারিনি এমন দুর্ঘটনা ঘটবে। ঠিকমতো চিকিৎসা করাতে পারলে হয়তো আমার মেয়েটা আবার দেখতে পেত। সরকারের কাছে আমরা সাহায্য চাই।”

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহায়তা পেলে আরিফার চিকিৎসা সম্ভব হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। জেলা সমাজসেবা কর্মকর্তাও জানিয়েছেন, পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে