ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

ফেরেশতারা নবীদের কাছে যেসব আকৃতিতে আসতেন

২০২৬ এপ্রিল ০৭ ১৭:৪২:১৩
ফেরেশতারা নবীদের কাছে যেসব আকৃতিতে আসতেন

নিজস্ব প্রতিবেদক: আল্লাহ তাআলার সৃষ্টিজগৎ রহস্যময় ও বিস্ময়ে পরিপূর্ণ। এ জগতের এক অনন্য দিক হলো ফেরেশতাদের বিশেষ ক্ষমতা—আল্লাহর নির্দেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। এই বৈশিষ্ট্যের মাধ্যমে তারা নবীদের কাছে ওহির বার্তা পৌঁছে দিয়েছেন এমনভাবে, যা মানুষের জন্য সহজে বোঝা সম্ভব হয়েছে।

পবিত্র কোরআনে উল্লেখ আছে, মারিয়াম (আ.)-এর কাছে জিবরাইল (আ.) মানুষের আকৃতিতে আগমন করেন। আল্লাহ তাআলা বলেন:“তখন আমি তার কাছে আমার রূহ (ফেরেশতা জিবরাইল)-কে প্রেরণ করলাম। সে তার সামনে এক সুঠাম মানুষের আকারে আত্মপ্রকাশ করল।” — (সুরা মারিয়াম, আয়াত: ১৭)

এছাড়াও ইবরাহিম (আ.)-এর কাছেও ফেরেশতারা মানুষের রূপে এসেছিলেন। প্রথমে তিনি তাদের চিনতে পারেননি। পরে তারা নিজেদের পরিচয় দেন।আল্লাহ তাআলা বলেন:“যখন তিনি দেখলেন যে, তাদের হাত খাবারের দিকে অগ্রসর হচ্ছে না, তখন তিনি তাদের আচরণে অস্বস্তি বোধ করলেন এবং মনে মনে ভয় পেলেন। তারা বলল, ‘ভয় পাবেন না, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি।’”— (সুরা হুদ, আয়াত: ৭০)

লুত (আ.)-এর কাছেও ফেরেশতারা সুদর্শন যুবকদের আকৃতিতে এসেছিলেন।আল্লাহ তাআলা বলেন:“যখন আমার প্রেরিত ফেরেশতারা লুতের কাছে আসলো, তখন তাদের আগমনে তিনি বিষণ্ণ হলেন এবং দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, ‘আজকের দিনটি অত্যন্ত কঠিন।’” — (সুরা হুদ, আয়াত: ৭৭)

এভাবে হজরত মুহাম্মদ (সা.)-এর কাছেও জিবরাইল (আ.) বিভিন্ন রূপে আগমন করতেন। কখনও তিনি সাহাবি দিহয়া আল-কালবি (রা.)-এর আকৃতিতে, আবার কখনও অপরিচিত বেদুঈন ব্যক্তির রূপে উপস্থিত হতেন।

একটি প্রসিদ্ধ হাদিসে ওমর (রা.) বর্ণনা করেন—একদিন তারা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে বসা ছিলেন। এমন সময় ধবধবে সাদা পোশাক ও কুচকুচে কালো চুলবিশিষ্ট এক ব্যক্তি এসে উপস্থিত হন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না, অথচ কেউ তাকে চিনতেও পারেনি। তিনি নবীজির সামনে বসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন।(সহিহ বুখারি, হাদিস: ১)

ফেরেশতাদের এই বিভিন্ন রূপে আগমন আমাদের স্মরণ করিয়ে দেয়—দৃশ্যমান জগতের বাইরেও রয়েছে এক বিশাল অদৃশ্য জগত, যা আল্লাহ তাআলার নির্দেশেই পরিচালিত হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে