ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

গুমের বিচার নিশ্চিতে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

২০২৬ এপ্রিল ০৭ ১৫:০৪:০৪
গুমের বিচার নিশ্চিতে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ পাস হয়েছে, যার মাধ্যমে গুমকে আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার কার্যক্রম পরিচালনার পথ আরও সুগম হলো।

মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিল পাসের আগে আইনমন্ত্রী এর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে ছিল না। তিনি বলেন, “যারা সরকারের গুমের বিচার নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উচিত এই আইনটি ভালোভাবে পড়া। এই সংশোধনী আমাদের সদিচ্ছার প্রতিফলন।”

তিনি আরও উল্লেখ করেন, সরকার গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আইন সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন বলে তিনি দাবি করেন।

বিলটি পাস হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্দিষ্ট সময় এলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে আলোচনার এক পর্যায়ে স্পিকার আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সংসদের বাইরে কে কী বলছে, তা এখানে আলোচনার বিষয় নয়। তিনি সংসদীয় বিধি অনুসারে আলোচনায় সীমাবদ্ধ থাকার পরামর্শ দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে