ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

বিএনপির স্থায়ী কমিটিতে বড় পরিবর্তন, আসছে নতুন মুখ

২০২৬ এপ্রিল ০৬ ২১:০৬:৩২
বিএনপির স্থায়ী কমিটিতে বড় পরিবর্তন, আসছে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ব্যাপক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের কমিটি নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নিষ্ক্রিয় নেতৃত্বকে বাদ দিয়ে তরুণ, ত্যাগী ও সাহসী নেতাদের সামনে আনা হবে। একই সঙ্গে অভিজ্ঞ নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কৌশল গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন ও সম্ভাব্য রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে মহানগর ও জেলা কমিটিগুলো পুনর্গঠন করা হবে। আসন্ন জাতীয় কাউন্সিল এবং বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

কেন্দ্রীয় নেতাদের মতে, দুর্বল সাংগঠনিক কাঠামো নিয়ে নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বী দলগুলো সহজেই সুবিধা নিতে পারে। ফলে বর্তমান প্রেক্ষাপটে দল পুনর্গঠনই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

দলীয় নীতিনির্ধারকরা জানান, সরকার পরিচালনার পাশাপাশি দীর্ঘ প্রায় এক দশক পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এখন দল পুনর্গঠন ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে।

দলীয় অভ্যন্তরীণ আলোচনায় জানা গেছে, কাউন্সিলের আগেই স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের সম্ভাবনা রয়েছে। খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খানের মতো জ্যেষ্ঠ নেতারা রাষ্ট্রপতি বা সংসদের গুরুত্বপূর্ণ পদে গেলে নতুন করে শূন্যতা তৈরি হতে পারে। এছাড়া স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাফিজ উদ্দিন আহমেদ সাংগঠনিক পদে না থাকায় নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে।

স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে বিবেচিত, যেখানে সাধারণত পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতাদেরই অন্তর্ভুক্ত করা হয়। দলীয় সিদ্ধান্ত, নির্বাচন কৌশল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য নতুন সদস্য হিসেবে রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবেদিন, জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেল-এর নাম আলোচনায় রয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটিতেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। উত্তরের বর্তমান আহ্বায়ক আমিনুল হক সরকারের দায়িত্বে থাকায় সংগঠনে সময় কম দিতে পারছেন। ফলে নতুন নেতৃত্ব আনার আলোচনা চলছে। সম্ভাব্য সভাপতি হিসেবে মামুন হাসান এবং সাধারণ সম্পাদক পদে মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন ও আনারুজ্জামান আনোয়ারের নাম শোনা যাচ্ছে।

অন্যদিকে, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুও সংসদ সদস্য হওয়ায় আগের মতো সময় দিতে পারছেন না। সেখানে সভাপতি হিসেবে হাবিবুন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম ও ফরহাদ হোসেনের নাম আলোচনায় রয়েছে।

সব মিলিয়ে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে নতুন উদ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে