ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

বেকসুর খালাস পেলেন নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি 

২০২৬ এপ্রিল ০৫ ১৫:২৫:৪৪
বেকসুর খালাস পেলেন নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি 

নিজস্ব প্রতিবেদক: ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রবিবার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এই রায় ঘোষণা করেন।

তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় খালাস পেলেও তাকে তাৎক্ষণিক মুক্তি দেওয়া হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবী মো. লিটন মিয়া।

রায়ের দিন আসামিকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই আদালত খালাসের রায় ঘোষণা করেন। তবে পরবর্তীতে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বিচার কার্যক্রম শুরু হয় ১ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে। ওইদিন মামলার বাদী খলিলুর রহমান আদালতকে জানান, আসামির খালাসে তার কোনো আপত্তি নেই। পরে আদালত ৫ এপ্রিল রায়ের দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক বাদীকে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে পাঠান এবং নির্বাচনী ব্যয়ের কথা বলে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

এছাড়া পরবর্তী সময়ে শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন মহলে অভিযোগ ও চাপ সৃষ্টি করে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট এই মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ অক্টোবর ঢাকার নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাম্মেল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে